প্রিন্ট এর তারিখঃ May 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2026 ইং
নারায়ণগঞ্জে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক”

নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক” কর্মসূচি। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৮টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তৃতীয়বারের মতো এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ আয়োজনের নেতৃত্ব দেয় “লাল সবুজ সোসাইটি”। সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় “এসো আলোর সন্ধানে যুব সংগঠন”, “আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ” এবং “লজিক অফ বাংলাদেশ”।
কর্মসূচিতে বক্তারা বলেন, গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক আন্দোলন। এর মূল লক্ষ্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং জলবায়ু সুবিচার প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করা।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশ রক্ষা, বৈশ্বিক উষ্ণতা কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এ আন্দোলনকে আরও শক্তিশালী ও অর্থবহ করে তুলবে।
অনুষ্ঠান পরিচালনা করেন মোছা. রোকেয়া আমান অর্পা, সভাপতি, লাল সবুজ সোসাইটি নারায়ণগঞ্জ শাখা এবং মোঃ তোফাজ্জল হোসেন শান্ত, কোষাধ্যক্ষ, লাল সবুজ সোসাইটি নারায়ণগঞ্জ শাখা।
এসময় উপস্থিত ছিলেন মোঃ নবী হোসেন, ফাউন্ডার, এসো আলোর সন্ধানে যুব সংগঠন; শেখ মাশরুর পারভেজ রাফি, ফাউন্ডার ডিরেক্টর জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা, লজিক অফ বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা।
পরে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয়। সেখানে অংশগ্রহণকারীরা সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করেন এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪